২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে রাজশাহীর নর্দান ইউনিভার্সিটিতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের ফি কমানো, শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানো ও ডেপুটি রেজিস্ট্রারের অপসারণসহ ১১ দফা দাবিতে শনিবার নর্দান ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা লাগাতার ক্লাশ বর্জন কর্মসূচিও পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

রাজশাহী, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের ফি কমানো, শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানো ও ডেপুটি রেজিস্ট্রারের অপসারণসহ ১১ দফা দাবিতে শনিবার নর্দান ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা লাগাতার ক্লাশ বর্জন কর্মসূচিও পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস খুলবে না বলেও হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনইউবি) এর রাজশাহী ক্যাম্পাসের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মবিনুল ইসলাম শিক্ষার্থীদের আন্দোলন ও তালা ঝুলিয়ে দেওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা বেশ আগে থেকে অনেকগুলো দাবি জানিয়ে আসছিল। তাদের কিছু দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। যুক্তিসঙ্গত দাবিগুলো আলাপ-আলোচনার ভিত্তিতে পূরণ করা হবে বলে তিনি জানান। শিক্ষার্থীদের অভিযোগ- দীর্ঘ দিন ধরে তারা পরীক্ষার ফি, উন্নয়ন ফি, টিউশন ফি কমানো ও গ্রন্থাগার স্থাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু ডেপুটি রেজিস্ট্রার মবিনুল ইসলাম তাদের দাবি উপেক্ষা করেন। বুধবার তারা এ ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রারের নিকট লিখিত আবেদন করেন। কিন্তু ডেপুটি রেজিস্ট্রার দাবির বিষয়ে আশ্বাস না দিলে শিক্ষার্থীরা শনিবার ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪৫ ঘ.