ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে ইংরেজিতে কথা বলা (স্পোকেন) ও শোনার (লিস্নিং) দক্ষতা যাচাইয়ের জন্য মোট ১০ নম্বর রাখার পরিকল্পনা করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ ব্যবস্থা কার্যকর হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) নজরুল ইসলাম খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইংরেজিতে স্পোকেন ও লিস্নিং পরীক্ষার জন্য ১০ নম্বর রাখার পরিকল্পনা আমাদের আছে। আশা করি, আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু করা সম্ভব হবে।"
পরিকল্পনায় দুই বিষয়ের দক্ষতা যাচাইয়ের জন্য ৫ করে মোট ১০ নম্বর রাখার কথা বলা হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, "এই ব্যবস্থা চালু করা গেলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ইংরেজিতে কিছুটা হলেও বলতে ও শুনতে পারদর্শী হবে। বিশ্বায়নের এ যুগে ইংরেজি একটি অপরিহার্য ভাষা। এটি অনুধাবন করেই এ পদক্ষেপ নিচ্ছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/একেএম/জেকে/এসকে/২১৩০ঘ.
bdnews24