ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্নাতক (সম্মান) পরীক্ষার ফল প্রকাশের পর দুই মাস পেরিয়ে গেলেও স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু না হওয়ায় শনিবার বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা এসময় শিক্ষকদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখে।
শিক্ষার্থীরা জানায়, ২০০২-০৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের সম্মান পরীক্ষা শেষ হয়েছে প্রায় ১১ মাস আগে। গত ৯ মার্চ পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। কিন্তু স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু হচ্ছে না।
ওই বর্ষের ছাত্র মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) ক্লাশ শুরু হবে বলে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষকরা ক্লাশ নিতে আসেননি।"
ক্লাশ শুরু হচ্ছে বলে খবরের ভিত্তিতে সকালে ছাত্ররা ইনস্টিটিউটে জড়ো হয়। কিন্তু ক্লাশ না হওয়ায় সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে ছাত্ররা ইনস্টিটিউটের মূল ভবনের ফটকে তালা লাগিয়ে দেয়। এতে বেশ কিছু শিক্ষার্থী ও শিক্ষক ভবনে আটকা পড়েন।
পরে পরিচালক সোমবার থেকে ক্লাশ শুরুর আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা পৌনে একটার দিকে ফটকের তালা খুলে দেয়।
আটকা পড়া শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বলেন, "ইনস্টিটিউটের বর্তমান পরিচালক গত ২৮ ফেব্র"য়ারি পদত্যাগপত্র জমা দেন। কিন্তু উপাচার্য তা গ্রহণ না করায় এখনো তিনি কাজ করে যাচ্ছেন। অ্যাকাডেমিক কমিটির কোনো সভা হচ্ছে না। তাই ক্লাশ শুরুর ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি। অন্তত আমরা কিছু জানি না।"
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, "অ্যাকাডেমিক কমিটির ব্যাপারে শিক্ষকরা আমাকে সহযোগিতা করছেন না।"
ফিরোজা বেগম জানান, উপাচার্যের নির্দেশে তিনি শনিবার ক্লাশ শুরুর নোটিশ দিয়েছেন।
অন্যদিকে শিক্ষকরা বলছেন, উপাচার্য নির্দেশ দিলেও ক্লাশ শুরুর জন্য অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত প্রয়োজন। কিন্তু কমিটির কোনো সভা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২২৪০ঘ.
bdnews24