চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে কাটা পড়ে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মামুনের পরিবারকে শনিবার পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রণজিৎ কুমার চৌধুরী পটিয়া উপজেলার বাহুলী গ্রামে মামুনের মা মাহমুদা খাতুনের হাতে অনুদানের পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিভাগের সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র মজুমদার, পটিয়া পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
গত ২২ মে চট্টগ্রাম শহরের ষোলশহর রেল স্টেশনে চবি'র হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুন শাটল ট্রেনে কাটা পড়ে মারা যান।
অধ্যাপক রণজিৎ কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে মামুনের তিন বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বিনা খরচে তাদের পড়ালেখার সুযোগ দেওয়া হবে।"
চেক হস্তান্তরের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা মামুনের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত ও মোনাজাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24