চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার জেরে নগরীর ষোলশহর রেল স্টেশনে আগুন ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ' শিক্ষার্থীকে আসামি করে পৃথক তিনটি মামলা হয়েছে।
এর মধ্যে ষোলশহর স্টেশন মাস্টার আবুল হোসেন বৃহস্পতিবার রাতে জিআরপি থানায় এবং স্টেশন এলাকার চাঁন মিয়া নামের একজন দোকানি পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এ মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা বহিরাগত বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একই ঘটনায় ওই থানায় আরেকটি মামলা করেছে পুলিশ।
পুলিশের করা মামলায় বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে বহিরাগত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় লাইনে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় শনিবার থেকে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরীক্ষার সিদ্ধান্ত নেবে বিভাগীয় কর্তৃপক্ষ। তবে এ তিনদিন অন্যান্য প্রশাসনিক কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার সকালে ওই স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠতে গিয়ে কাটা পড়ে মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা স্টেশন ও ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাংচুর করে। তারা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সড়কও অবরোধ করে রাখে।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান সাংবাদিকদের জানান, তদন্ত শুরু হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি জানান, মামলার অভিযোগে বলা হয়েছে ছাত্রদের ভাংচুর ও অগ্নিসংযোগে স্টেশন ও শাটল ট্রেনের ৫০ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহিরাগত এ আটজনকেই বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ষোল শহর স্টেশনের আশে পাশে থেকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি তাদের নাম প্রকাশ করতে চাননি।
তিনি জানান, স্টেশন ভাংচুর, অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই থানায় তিন থেকে চারশ' শিক্ষার্থীকে আসামি করে উপপরিদর্শক নাসিরউদ্দিন আরেকটি মামলা করেছেন। তবে এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান।
ভাংচুর ও অগ্নিসংযোগে ষোলশহর স্টেশনটি অচল হয়ে পড়ায় শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কবে নাগাদ এ লাইনে ট্রেন চলাচল শুরু হবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়গামী কোন ট্রেন চলাচল করেনি। এর ফলে শহর থেকে ২০ কিলোমিটার দূরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র-ছাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে। শুক্রবার বন্ধের দিনে সকালে ও রাতে দুই দফা ট্রেন চলাচল করে থাকে।
চট্টগ্রাম রেলওয়ের মহাব্যবস্থাপক ইকবাল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে স্টেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ লাইনে বর্তমানে ট্রেন চালানো সম্ভব নয়। এতে স্টেশনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং আসবাবপত্রসহ পুরো সংকেত ব্যবস্থা বিনষ্ট হয়েছে। এ অবস্থায় রেল চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই।"
অচল এ স্টেশনের সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। তবে মেরামত কবে শেষ হবে এবং ট্রেন চলাচল শুরু হবে তা তিনি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি।
ইকবাল মোল্লা বলেন, "ষোলশহর স্টেশনের সামগ্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়টি শুক্রবার সকালে অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও আগুনে স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত কমিটি অনুসন্ধানের কাজ শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রক্টরিয়াল বডির সদস্যরা শুক্রবার সকালে আবার শাটল ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে।
তিনি জানান, স্টেশন ও ট্রেনে বিক্ষুদ্ধ ছাত্রদের হামলা ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন ট্রেন চালকরা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন না চালানোর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ কারণে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে প্রথম দিকে ট্রেন চালানোর ব্যাপারে রাজি হচ্ছিলেন না।
প্রক্টর জানান, আলোচনার পর তারা লাইন চালু রাখতে সম্মত হলেও চালক, পরিচালকসহ সকল রেলওয়ে কর্মীদের নিরাপত্তা দাবি করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার নিশ্চয়তা দিলে তারা ট্রেন চালাতে সম্মত হন। তবে স্টেশন মেরামত করে ট্রেন চলাচল শুরু করতে সময় লাগবে বলে রেলওয়ে কর্মকর্তারা বেঠকে জানিয়েছেন।
শাটল ট্রেন চলাচল বন্ধ থাকলে চবির শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে। এই ট্রেনে করেই বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর ৮০ শতাংশ শহর থেকে নিয়মিত ক্যাম্পাসে যাতায়াত করে। এ অবস্থায় শনিবার থেকে তিনদিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিন্ডিকেট সদস্য হেলাল উদ্দিন নিজামী।
শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর নগরী থেকে ক্যাম্পাসে যাতায়াতে সমস্যার কথা বিবেচনা করে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
উপাচার্য অধ্যাপক এম বদিউল আলমের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে সোয়া ৮টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভায় ট্রেন চলাচলসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সিন্ডিকেট সদস্য হেলাল উদ্দিন জানান, সভায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলেও পরীক্ষা সমূহের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগসমূহ সিদ্ধান্ত নেবে। তবে এ তিনদিন অন্যান্য প্রশাসনিক কার্যক্রম চলবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24