২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে জাবি ছাত্র গ্রেপ্তার, ভাংচুর-আগুন

ছিনতাইকারী সন্দেহে তিন ছাত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্র শনিবার রাতে ঢাকা-আরিচা সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। ওই সময় দুটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্য ও প্রক্টরের বাসায়ও ভাংচুর চালায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে তিন ছাত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্র শনিবার রাতে ঢাকা-আরিচা সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। ওই সময় দুটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্য ও প্রক্টরের বাসায়ও ভাংচুর চালায়। এ ঘটনায় পদত্যাগপত্র দিয়েছেন প্রক্টর অধ্যাপক কামরুল আহসান। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে। বিকেল ৫টায় ঘেরাও চলছিল। দুপর ১২টায় উপাচার্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় বসেন। পরে দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে উপাচার্য, রেজিস্ট্রার, কয়েকটি হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বড়ির সদস্য ও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে বৈঠক করেন তারা। তবে সভা ও বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি। ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় তিন ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানায়, শনিবার রাত ৮টার দিকে শফিক ও বাবু নামে দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসে গাঁজা খাচ্ছিল। ছাত্ররা তা দেখে ওই দুই জনকে চলে যেতে বললে এ নিয়ে তর্কাতর্কি হয়। কিছু সময় পর র‌্যাব এসে তিন ছাত্রকে ধরে নিয়ে যেতে চাইলে ছাত্রদের সঙ্গে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের হাতাহাতি হয়। ওই সময় র‌্যাব তিন ছাত্রকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। ওই তিন ছাত্র হচ্ছে, পরিসংখ্যান বিভাগের জাকিরুল ইসলাম, গোলাম মোনায়েম এবং সরকার ও রাজনীতি বিভাগের আব্দুর রহিম জেমস। র‌্যাবের হাতে ছাত্র গ্রেপ্তারের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে উঠে আসে। বিক্ষুব্ধ ছাত্ররা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাত ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্ররা। পরে পুলিশ এসে হটিয়ে দিলে তারা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য ও প্রক্টরের বাসায় ভাংচুর চালায়। বাসায় ছাত্রদের হামলার পরিপ্রেক্ষিতে প্রক্টর অধ্যাপক কামরুল আহসান রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক কাজী মহিউদ্দিন। এ পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক মুনীরুজ্জামান রোববার বিশ্ববিদ্যালয় প্রক্টর ও হলগুলোর প্রাধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা আহ্বান করেছেন বলে জানান নিবন্ধক। দুপুর ১২টার দিকে ওই সভা শুরু হয়। পরে তারা সহকারী পুলিশ সুপার মতিউর রহমান এবং সাভার ও আশুলিয়া থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই উপ-পরিদর্শককে নিয়ে বৈঠকে বসেন। শতাধিক ছাত্র রোববার সকালেও সড়ক অবরোধের চেষ্টা চালায়। তবে পুলিশ তাদের হটিয়ে দেয়। পরে দুই শতাধিক শিক্ষার্থী প্রশাসন ভবন ঘেরাও করে। তারা বিকেল সাড়ে ৫টায় তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে রেখেছে বলে জানা গেছে। তারা দাবি করছে, অবিলম্বে আটক তিন শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা চাইছে তারা। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গ্রীষ্মের ছুটি চলছে। এদিকে র‌্যাবের হাতে গ্রেপ্তার তিন ছাত্রকে শনিবার রাতেই আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। ছিনতাইয়ের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে শফিকুল ইসলাম শফিক একটি মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয়েছে, সিমেন্ট ব্যবসায়ী সফিক মোটর সাইকেলে চড়ে সাভার থেকে নবীনগর যাওয়ার পথে মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম গেটে আসামিরা তার গতিরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে শফিকের মটর সাইকেল এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। তখন বাদি বিষয়টি র‌্যাবের একটি টহল দলকে জানায়। ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাব যে তিন ছাত্রকে আটক করে থানায় সোপর্দ করেছে, তারা মুলত ছিনতাইকারী।" তাদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান। ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) মতিয়ার রহমান বলেন, "ছিনতাইয়ের অভিযোগে র‌্যাব সদস্যরা ওই তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তারা ইটের আঘাতে র‌্যাব সদস্য তোফাজ্জল হোসেনের মাথা ফাটিয়ে দেয়।" ছিনতাইকারীদের পক্ষ নিয়ে সড়কে গাড়ি ভাংচুরের ঘটনাকে 'দুঃখজনক' বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮১৩ ঘ.