২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার না হওয়ায় ঢাবি শিক্ষকদের হতাশা

প্রধান উপদেষ্টার ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ঘোষণা না দেয়ায় জণগণ হতাশ হয়েছে। জাতি আশা করেছিল, আজ জরুরি অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট ঘোষণা আসতে পারে।" তিনি বলেন, "জরুরি অবস্থা জারি থাকায় জনগণ মত প্রকাশ করতে পারছে না। একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ খুবই প্রয়োজন। কিন্তু জরুরি অবস্থায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কেমন নির্বাচন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। মানুষকে ঘরে আবদ্ধ রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় নির্বাচন হলে জাতীয় সংসদ একটি 'রাবার স্ট্যাম্প পার্লামেন্টে' পরিণত হবে।" নীল দলের প্রভাবশালী শিক্ষক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংলাপ শুরুর পূর্ব প্রস্তুতি হওয়ার কথা ছিল জরুরি অবস্থা প্রত্যাহার। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে এ ব্যাপারে কোনো বক্তব্য না আসায় দেশবাসী হতাশ হয়েছে।" তিনি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলেন, জরুরী অবস্থাকে জারি রেখে নির্বাচন করা প্রহসন হয়ে দাঁড়াবে। এতে নির্বাচন সংক্রান্ত পুরো ব্যাপারটাই সন্দেহের মধ্যে পড়েছে। সমিতির কোষাধক্ষ্য ও সাদা দলের প্রভাবশালী শিক্ষক অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, "এতোদিন মানুষতো জানতোই না নির্বাচন কবে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছেন- এটা ইতিবাচক। তবে নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি দরকার সেসব নিয়ে সরকার নিজেই নিশ্চিত নয় বলে তার ভাষণে মনে হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার অবশ্যই দরকার। সংলাপকে সফল করার জন্যই জরুরি অবস্থা প্রত্যাহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আরো বেশি মনোযোগ দিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেফে/জেকে/২২১৭ ঘ.