জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি মো. ছানোয়ার হোসেনকে আগামী ১৮ জুনের মধ্যে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গ্রীষ্মকালীন ছুটির জন্য ৯ জুন পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে তারা।
শনিবার আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রীষ্মকালীন ছুটির কারণে রোববার থেকে ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। এ কারণে ৯ জুন পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে। ১০ থেকে ১৮ জুন পর্যন্ত লাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জন, মানববন্ধন, মিছিল সমাবেশ, পথনাটক ও গণসংগীত কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুন মধ্যে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত না করলে গণঅনশনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে অভিযোগ তদন্তে গঠিত 'সত্যাসত্য যাচাই কমিটি' শনিবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতিসহ কয়েকজন শিক্ষকের মতামত নিয়েছে। ৯ মে অভিযোগকারী চার ছাত্রীর বক্তব্য শুনেছে কমিটি।
তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে কমিটির সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী কয়েকদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।"
এদিকে শনিবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ১০ জন শিক্ষক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা 'অভিযুক্ত' কিংবা 'অভিযোগকারী' কারো পক্ষে নেই। তবু কয়েকটি পত্রিকায় এ সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদকর্মীদের সত্যানুসন্ধানী হওয়ার আহ্বান জানানো হয়।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের চারজন ছাত্রী উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২০৫৫ ঘ.
bdnews24