ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ও দৈনিক ডেসটিনির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুন্নবী রকিকে মারধর করায় বৃহস্পতিবার শাহবাগ থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই উপ-পরিদর্শকের নাম গোলাম রাব্বানী।
রাকিবুন্নবী রকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিক্সাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই উপপরিদর্শক কী হয়েছে জানতে চায়। রকি সমস্যার সমাধান হয়ে গেছে জানালে পুলিশ তার কোনো কথা না শুনেই মারধর করতে থাকে।
এদিকে, ঘটনা শোনার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হতে থাকে। পরে ঘটনার মিমাংসা করতে রমনা ও শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
অন্যদের মধ্যে রমনা জোনের এডিসি মাহবুবুর রহমান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ও সাংবাদিক পারভেজ খান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রের সঙ্গে দুর্ব্যবহার করায় গোলাম রাব্বানীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জেকে/২১১৯ ঘ.
bdnews24