২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রক্টরের সঙ্গে শিবির কর্মীদের অশোভন আচরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ছাত্র শিবির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ছাত্র শিবির কর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে এক বাস চালক প্রহৃত হওয়ার পর প্রক্টর ও সহকারী প্রক্টর সেখানে উপস্থিত হলে তাদের ঘিরে ধরে অশালীন ভাষায় গালিগালাজ করে শিবির কর্মীরা। প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, এই অশোভন আচরণের জন্য দায়ীদের খুঁজে বের করে বিচার করা হবে। আর শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায়ের জন্য কর্মীরা এ অভিযোগ করে থাকতে পারে। শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাতে কে বা কারা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও রেল স্টেশন চত্বরে ছাত্রলীগের পোস্টার ও দেয়াল লিখন থেকে 'মুক্তিযুদ্ধে ১৯৭১' মুছে সেখানে '১৯৭৫' লিখে রাখে। এ জন্য শিবিরকে দায়ী করে ছাত্রলীগ কর্মীরা বুধবার দুপুর দেড়টার দিকে রেল স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল বের করে। ছাত্রলীগের মিছিল শেষে শিবির কর্মীরা সেখানে উপস্থিত হয়ে কিছুদিন আগে বাসের চালক ও সহকারীর হাতে এক ছাত্র প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদ জানায় এবং প্রক্টর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময় আগের একটি ঘটনার জের ধরে এক বাস চালককেও মারধর করে তারা। খবর পেয়ে সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদ উদ্দন ঘটনাস্থলে পৌঁছলে শিবির কর্মীরা তার সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সহকারী প্রক্টরকে ঘিরে ফেলে তারা। এ অবস্থায় প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সেখানে পৌঁছান। প্রক্টর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শিবির কর্মীরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা প্রক্টরের দিকে তেড়ে যায়। এ অবস্থায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের মিছিলের পরপরই শিবির কর্মীরা স্টেশনে এসে এক বাস চালককে মারধর করে। বিষয়টি সমাধান করতে সেখানে গেলে তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমাকে ঘিরে ধরে।" তিনি জানান, এ ঘটনার খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা তাকেও অশালীন ভাষায় গালিগালাজ করে এবং তার দিকে তেড়ে যায়। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে এই অশোভন আচরণের জন্য দায়ীদের খুঁজে বের করে প্রশাসনিকভাবেই বিচার করা হবে।" এদিকে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মদ শিহাবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত কোনো দাবির প্রতি কর্নপাত করে না। তাই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হয়তো তাদের দাবি আদায়ের জন্য এ আচরণ করেছে। তবে পরে শিবিরের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/জেকে/২২০৩ ঘ.