ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধীদের সুযোগ বাড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
শনিবার রাজধানীর এলজিইডি ভবনে জাতীয় প্রতিবন্ধী ফোরামের এক মতবিনিময় সভায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণসহ বিভিন্ন সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়।
বিষয়টির যৌক্তিকতা স্বীকার করে মতবিনিময় সভায় উপস্থিত ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "উচ্চ শিক্ষার অর্জনের ক্ষেত্রে কোটা সংরক্ষণসহ প্রতিবন্ধীদের সুযোগ বাড়ানোর জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসি আলোচনা করবে।"
"উচ্চ শিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থী: বিদ্যমান প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়" শীর্ষক ওই মতবিনিময় সভায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "দেশের ১০ ভাগ মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী। তাদের মেধা আছে, সম্ভাবনা আছে। তাদের সুযোগ করে দিতে হবে।"
তিনি আরও বলেন, "প্রতিবন্ধীদের জন্য অবশ্যই সুষ্ঠু পরিকল্পনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। এটা এখন জরুরি হয়ে পড়েছে।"
সভায় মূল প্রবন্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা ও নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
মূল প্রবন্ধ পড়ে শোনান প্রতিবন্ধী ফোরামের সহকারী সন্বয়কারী মোশারফ হোসেন ভূঁইয়া (দৃষ্টি প্রতিবন্ধী)।
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. এসএম আবু রায়হান, ড.ফকির রফিকুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/১৪২৩ ঘ.
bdnews24