২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে ঢাবি শিক্ষকদের কালো ব্যাজ ধারণ

অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে কালো ব্যাজ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে কালো ব্যাজ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কালো ব্যাজ পড়েন শিক্ষকরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "শিক্ষক সমিতির সাধারণ সভায় সবার সম্মতিতে পাস হওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি নেয়া হয়েছিল। শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে কালো ব্যাজ পড়েছেন।" ফার্সি বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান বলেন, "দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এ কর্মসূচি একটি মৌন প্রতিবাদ।" শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বলেন, "জরুরি অবস্থার জন্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না। অবিলম্বে জরুরি অবস্থা তুলে নিয়ে গণতন্ত্রের চাকা সচল করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএ/১৭৩৫ ঘ.