জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে।
রাত ১টার দিকে সংঘটিত ওই সংঘর্ষের সময় হলের অতিথি কক্ষ, শিক্ষকদের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাংচুর হয়।
সংঘর্ষের সূত্রপাত হয় হলের সিট নিয়ে। সংঘর্ষে আহতরা হলেন, ইংরেজির বিভাগের ফাহাদ, নৃবিজ্ঞান বিভাগের রাইসুল, গণিত বিভাগের আমান, নৃবিজ্ঞান বিভাগের রাসেল ও অর্থনীতি বিভাগের রিগান। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক সপ্তাহ আগে ৩৪তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র মিন্টু ও আসাদকে বাংলা বিভাগের খায়রুল বাশার রাজুর নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী হল থেকে বের করে দেয়। মঙ্গলবার রাতে মিন্টু ও আসাদ ছাত্রলীগের আরেকটি গ্র"পের সমর্থনে পুনরায় হলে উঠতে গেলে রাজু গ্র"পের অনুসারীরা বাধা দেয়। আর তা নিয়েই ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের পর আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ পালসহ হাউজ টিউটররা হলে আসেন।
অসিত বরণ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা তদন্তের জন্য বুধবার রাতে জরুরি সভা আহ্বান করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও আলোচনা করা হবে।"
আল-বেরুনী হলে সংঘর্ষের পর অন্য হলগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২১ ঘ.
bdnews24