২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিক্ষার্থীদের দুপক্ষের মারামারি, চার ঘন্টা যান চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর দুটি পক্ষের মারামারির জের ধরে বৃহস্পতিবার একটি পক্ষ দুপুর দেড়টার পর থেকে স্টেশন চত্ত্বরে অবস্থান নিয়ে শাটল ট্রেনসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে শহরমুখী হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্ভোগে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর দুটি পক্ষের মারামারির জের ধরে বৃহস্পতিবার একটি পক্ষ দুপুর দেড়টার পর থেকে স্টেশন চত্ত্বরে অবস্থান নিয়ে শাটল ট্রেনসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে শহরমুখী হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্ভোগে পড়েন। র‌্যাগিং এর জের ধরে সংগঠিত এ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। মারামারিতে আহত শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খালেদকে নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রলীগ। তাদের অভিযোগ- ছাত্র শিবিরের কর্মীরা তার মাথা ফাটিয়ে দিয়েছে। এ ঘটনায় খালেদ ছাড়াও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওসমান ও মারুফ এবং হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রনি আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্রলীগ তিন দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে বিচার দাবি করেছে। ঘটনার সুষ্ঠু বিচার ও প্রহারকারীকে গ্রেপ্তার করা না হলে ছাত্রলীগ আগামী রোববার থেকে চবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে। চবি প্রক্টর অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং চবি ছাত্রলীগের সহ-সভাপতি মো. জামসেদ অনির্দিষ্টকালের ধর্মঘট ও তিন দফা দাবির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি বিভাগের ছাত্র তুহিনকে ক্যাম্পাসের এক নম্বর সংযোগ সড়কের মাথায় বুধবার সন্ধ্যায় র‌্যাগিং এর নামে অপমান করে ওসমান ও তার বন্ধুরা। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেল স্টেশন চত্বরে তুহিনের বন্ধুরা ওসমান ও মারুফদের মারধর করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খালেদও আহত হন। প্রক্টর ও পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে খালেদের পক্ষের শিক্ষার্থীদের বাধার মুখে বিকাল ৫টা পর্যন্ত ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকে। এ প্রসঙ্গে প্রক্টর জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দুই দল শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। তিনি জানান, বিকাল পাঁচটার পর থেকে আবার ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/২১১৭ ঘ.