২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: ৭ পরীক্ষায় ঝরে পড়লো ২২ হাজার শিক্ষার্থী

শুধু নবম শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীরই নয়, প্রবেশপত্র হাতে পাওয়ার পরও হাজার হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। বুধবার পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের সাত পরীক্ষায় অনুপস্থিত ছিল প্রায় ২২ হাজার শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু নবম শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীরই নয়, প্রবেশপত্র হাতে পাওয়ার পরও হাজার হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। বুধবার পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের সাত পরীক্ষায় অনুপস্থিত ছিল প্রায় ২২ হাজার শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ মার্চ এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ছয় হাজার ৬৪০ জন। দ্বিতীয় দিনে চার হাজার ২৭১, তৃতীয় দিনে দুই হাজার ৪১৩, চতুর্থ দিনে দুই হাজার ৪০৮, পঞ্চম দিনে তিন হাজার ৪৩৩, ষষ্ঠ দিনে দুই হাজার ৫০ এবং সপ্তম দিনে ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। সাতদিনের এই অনুপস্থিতির চিত্র তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আব্বাস উদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "যারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি মূলত তারাই পরীক্ষায় অংশ নিচ্ছে না। ভীতি থেকেই তারা পরীক্ষার হলে আসেনি। ভাল শিক্ষার্থীরা ঠিকই পরীক্ষা দিচ্ছে।" বাকি পরীক্ষাগুলো শেষ হলে এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চলতি বছর সাতটি শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডে নবম শ্রেণীতে নিবন্ধিত ১২ লাখ ৫৯ হাজার ১০৫ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ছয় লাখেরও বেশি এসএসসি পরীক্ষার ফরম পূরণের আগেই ঝরে পড়ে। আর প্রবেশপত্র হাতে পাওয়ার পরও প্রথম সাত পরীক্ষায় অংশ নেননি ২১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। এছাড়া গত ২৭ মার্চ এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৯৮ শিক্ষার্থীকে। একই সময়ে অসুদপায়ে সহযোগিতার অভিযোগে বহিষ্কার হয়েছেন ১৭ শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/ জেকে/এমএ/১৯২০ঘ.