২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ছয় দফা: সোমবার প্রতীক অনশন

রংপুর নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সোমবার থেকে প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করেছে। দুই দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরন অনশন ও একযোগে গণআত্মাহুতির ঘোষণা দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

রংপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সোমবার থেকে প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করেছে। দুই দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরন অনশন ও একযোগে গণআত্মাহুতির ঘোষণা দিয়েছে তারা। রোববার রাজা রামমোহন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কর্মসূচি দিয়েছে। সংবাদ সম্মেলনে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এস এম হাসানুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, গত বছর তারা ২৪ জন শিক্ষার্থী এই কলেজে ভর্তি হয়। এজন্য তাদের কাছ থেকে মোট ৪৪ লাখ টাকা নেওয়া হয়। ভর্তির দুই মাসের মধ্যে শিক্ষার্থীদের নবায়ন ও বিশ্ববিদ্যালয় নিবন্ধনের কথা ছিল। কিন্তু ভর্তির এক বছর পেরিয়ে গেলেও তা করা হয়নি। এছাড়া কলেজে স্থায়ী কোন শিক্ষক নেই। রংপুর মেডিকেল কলেজের শিক্ষক দিয়েই পাঠদানের কাজ চালাচ্ছে। পরবর্তী সময়ে ছাত্ররা এসব বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করে। কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে । সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন, প্রথম প্রফেশনাল পরীক্ষা নিশ্চিতকরণ, সুষ্ঠুভাবে কলেজ পরিচালনার জন্য গভর্নিং বডি তৈরি, প্রয়োজনীয় বই, ল্যাব সরঞ্জাম সরবরাহ, হাসপাতাল চালু এবং স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। এসব দাবি না মেনে নেওয়া হলে তাদের আত্মাহুতি দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। হাসানুজ্জামান বলেন, দুই দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরন অনশনে যাবেন তারা। এরপরও দাবি না মানা হলে একযোগে আত্মাহুতি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- আসমাউন হুসনা সুপ্ত, সামা পারভীন, শাহাদৎ হোসেন সুমন প্রমুখ। সমস্যার সত্যতা স্বীকার করে নর্দান মেডিকেল কলেজের চেয়ারম্যান রোকেয়া লাভলী বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, একটি বিশেষ মহলের প্ররোচণায় কিছু ছাত্র সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে তাদের টিউশন ফিসহ অন্যান্য বকেয়া পরিশোধ না করে কলেজে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৪ ঘ.