২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতিকে প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের, ছাত্রদলের বর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠেয় সমাবর্তনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিতির বিরোধিতা করে সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আর ছাত্রলীগ ক্যাম্পাসে রাষ্ট্রপতির আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠেয় সমাবর্তনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিতির বিরোধিতা করে সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আর ছাত্রলীগ ক্যাম্পাসে রাষ্ট্রপতির আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে। জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় এক বিক্ষোভ সমাবেশে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, "আগস্টের ছাত্র-বিক্ষোভের ঘটনায় রাষ্ট্রপতি মোটেই ইতিবাচক ভূমিকা রাখেননি। মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-ছাত্রদের সাজা দেওয়া হয়েছে। তাই ক্যাম্পাসে আসার কোনো অধিকার নেই তার।" সমাবেশে সমাবর্তন বর্জন এবং ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের উদ্বোধন প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের ভবনটি উদ্বোধন করার কথা। এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে। তারা খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন। অন্যদিকে ছাত্রলীগ বেলা ১২টার দিকে শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌন মিছিল করে। মিছিল শেষে আমতলায় সমাবেশ করে রাষ্ট্রপতির ক্যাম্পাসে আসা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু সমাবেশে বলেন, "দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা ন্যক্কারজনক। শিক্ষার্থীরা যাতে তার ভূমিকা থেকে শিক্ষা না নেয় সে জন্য ক্যাম্পাসে তার আগমন প্রতিহত করব আমরা।" এর আগে শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অপরাজেয় বাংলা ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দেয় এবং কালো পাতাকা উত্তোলন করে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নীলদলের (আওয়ামীপন্থী) শিক্ষকরা শুক্রবার রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন। সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ৪৪তম সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। এর জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে রোববার সেখানে একটি মহড়ার (রিহার্সেল) আয়োজন করা হয়। উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন। কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সব প্রস্তুতি শেষ করেছি। আশা করছি ভালোভাবেই সমাবর্তন শেষ হবে।" বিভিন্ন ছাত্রসংগঠনের সমাবর্তন বর্জন বা রাষ্ট্রপতির আগমন প্রতিহত করার ঘোষণার ব্যাপারে তিনি বলেন, "সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে একটি উল্লেখযোগ্য দিন। আশাকরি দিনটিকে স্মরণীয় ও আনন্দময় করে রাখতে সবার সহযোগিতা থাকবে।" মহড়ায় অংশ নিতে আসা দর্শন বিভাগের ছাত্রী শারমিন আক্তার বলেন, "আজ রিহার্সেল করছি। খুব ভালো লাগছে।" সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও আশেপাশের এলাকা বিশেষভাবে সাজানো হয়েছে। সমাবর্তনের জন্য নিবন্ধিতদের মধ্যে গাউন বিতরণ করা হয়েছে। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাষা সৈনিক আব্দুল মতিন ও গাজীউল হককে সম্মানসূচক ডক্টর অব ল' ডিগ্রি দেবে। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৫২ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে। ২৯ জনকে দেওয়া হবে পিএইচডি ডিগ্রি। এমফিল ডিগ্রি পাবে ২৪ জন। এবারের সমাবর্তনে ৩৮৮৫ শিক্ষার্থী সনদ পাবে। এরমধ্যে ছাত্র ১৮৪৩ জন ও ছাত্রী ২০৪২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২০২৮ ঘ.