জবি, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো অবৈধ দখলদারিত্বের হাত থেকে উদ্ধারের দাবিতে বুধবার ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় বাংলা বিভাগের প্রথম সেমিষ্টারের ছাত্র সোলায়মানকে পুলিশ গ্রেপ্তার করে।
পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় বিভিন্ন বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা । সকাল সাড়ে ১১টায় শহীদ মিনারের সামনে থেকে তারা মিছিল নিয়ে কয়েকবার ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আবু হোসেন শিক্ষার্থীদের হলগুলো উদ্ধারের আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে। গ্রেপ্তারকৃত ছাত্রকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানায় তারা। দাবি মানা না হলে পরদিন কঠোর কর্মসূচির হুমকি দেয় শিক্ষার্থীরা।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে আয়োজিত সমাবেশে হলগুলো উদ্ধার ও পরিবহন সংকট সমাধান না হওয়া পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান বলেন, "আইন ভঙ্গ করায় বাংলা বিভাগের ছাত্র সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএ/১৮১৫ঘ.
bdnews24