২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রকে র‌্যাবের নির্যাতন, প্রতিবাদে মৌনমিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে র‌্যাব সদস্যরা নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত শিক্ষার্থী প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র তোফিক আজিজ রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে সংঘটিতও ওই ঘটনার প্রতিবাদে বুধবার রাবি ক্যাম্পাসে মৌনমিছিল করেছে সতীর্থরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে র‌্যাব সদস্যরা নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত শিক্ষার্থী প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র তোফিক আজিজ রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে সংঘটিতও ওই ঘটনার প্রতিবাদে বুধবার রাবি ক্যাম্পাসে মৌনমিছিল করেছে সতীর্থরা। মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজিব মোটর সাইকেলে চড়ে ক্যাম্পাসে আসছিল। বিনোদপুর এলাকায় সাদা পোশাকে (সিভিল ড্রেস) থাকা কয়েকজন র‌্যাব সদস্য রাজিবকে থামিয়ে পরিচয় জানতে চায়। ওই সময় রাজিবও উল্টো তাদের পরিচয় জিজ্ঞাসা করে। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাদা পোশাকের ওই র‌্যাব সদস্যরা রাজিবের কাছে মোটর সাইকেলের চাবি চায়। পরিচয় নিশ্চিত হওয়ার আগে রাজিব চাবি দিতে অস্বীকৃতি জানায়। তখন র‌্যাব সদস্যরা তাকে মারধর করে র‌্যাব-৫ এর কার্যালয়ে নিয়ে যায়। পরে র‌্যাব রাজিবের বাবা-মাকে খবর দিয়ে রাজিবকে তাদের হাতে তুলে দেন। রাজিবের ওপর নির্যাতন এবং এতে জড়িতদের শাস্তি দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'কর্তৃত্ববিরোধী শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মৌনমিছিল ও রবীন্দ্রভবনের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দীপায়ন সরকার দীপ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরিফ রেজা মাহমুদ টিটু। শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সঙ্গে দেখা করে বিষয়টি জানায়। রাজিবকে দেখতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ফরিদুল ইসলাম পিন্টু হাসপাতালে যান। উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে র‌্যাব-৫ এর কর্মকর্তা মেজর রাশিদুল হাসান সাংবাদিকদের বলেন, র‌্যাবের একটি অপারেশন দল রাজিবের ব্যাগে নিষিদ্ধ ভারতীয় প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স পায়। তিনি অভিযোগ করেন, র‌্যাব সদস্যরা এ বিষয়ে রাজিবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তখন র‌্যাব সদস্যরা তাকে র‌্যাব-৫ কার্যালয়ে নিয়ে যায় এবং রাজিবের বাবা-মাকে খবর দিয়ে আনিয়ে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৭ ঘ.