জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সব হল প্রভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় এই নির্দেশ দেয়।
চিঠিতে বলা হয়, গত জানুয়ারি মাসে ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রণালয় উদ্বিগ্ন। এছাড়া কয়েকটি হল প্রভোস্টের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও রয়েছে।
এই চিঠি পাওয়ার পর ১৩ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হয়। তবে ওই সভায় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব কাজী মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর উপাচার্যের নির্দেশে বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়েছে। খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24