২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে পাঁচদিনব্যাপী আনন্দন উৎসব সোমবার শুরু

'আকাশ যতোই হোক না কালো, জাগবে সূর্য ফুটবে আলো' স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সোমবার শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী 'আনন্দন উৎসব ১৪১৪'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আকাশ যতোই হোক না কালো, জাগবে সূর্য ফুটবে আলো' স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সোমবার শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী 'আনন্দন উৎসব ১৪১৪'। জাবির সাংস্কৃতিক সংগঠন 'আনন্দন' এ উৎসবের আয়োজন করছে। সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাবির উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান সোমবার সকাল নয়টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন। সকাল সাড়ে নয়টায় সেলিম আল দীনের কবরে পুষ্প্যমাল্য অর্পণ করা হবে। এরপর হবে আনন্দ শোভাযাত্রা। পাঁচদিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিদিন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে চলবে চিত্র প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মুক্তমঞ্চে থাকবে আনন্দন ও বাপ্পা মজুমদারের গান। দ্বিতীয় দিন সেলিম আল দীনের লেখা গান পরিবেশন করবে ঢাকার দল 'কহন কথা'। তৃতীয় দিন ঢাকার 'অবয়ব' নাট্যদল পরিবেশন করবে নাটক 'জলপরী'। চতুর্থ দিন ঢাকার 'নাট্যধারা' পরিবেশন করবে নাটক 'এবং অশ্বমেধযজ্ঞ'। পঞ্চমদিন আনন্দন আড্ডার মধ্য দিয়ে উৎসব শেষ হবে। রুবেল আরও জানান, আনন্দন এই উৎসব উৎসর্গ করেছে প্রয়াত নাট্যকার অধ্যাপক সেলিম আল দীনের স্মৃতির উদ্দেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.