জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে চতুর্থদিনের মতো বৃহস্পতিবার কালোব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তবে পুলিশ এ পর্যন্ত ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, বৃহস্পতিবার এ ঘটনার তদন্তে গঠিত কমিটি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রোববার দুপুরে বাংলা ক্লাস থেকে মোহাম্মদ ইমরান হোসেন ও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একদল ছাত্র শাহীনুর রহমান অভি নামে একজনকে বের করে নিয়ে যেতে চাইলে বাধা দেন ওই শিক্ষিকা। এসময় তারা শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করে। এরপর দুপুরে ওই শিক্ষিকাকে বাসের ভিতর লাঞ্ছিত করা হয়।
শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই ছাত্রের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করলেও তাদের স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক ড. আবু ইউসুফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দোষীদের স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে ও তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।" শনিবার সকালে শহীদ মিনারের সামনে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তিনি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএ/১৬৪৮ ঘ.
bdnews24