ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকরা মঙ্গলবার সকাল ১১ থেকে একঘন্টা সকল ক্লাস বর্জন ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, বাংলা বিভাগের শিক্ষিকা অধ্যাপক সুলতানা খান গত রোববার ক্লাস নেওয়ার সময় ভেতরে ঢুকে সমাজ বিজ্ঞানের ছাত্র ইউনুস ও ইমরান শিবির সন্দেহে এক ছাত্রকে তাদের হাতে তুলে দিতে বলে। শিক্ষিকা বাধা দিলে তৃতীয় বর্ষের ছাত্র ইউনুস তার পরনের কাপড় ধরে টান দেয়।
ইউনুসের ছাত্রত্ব বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষক সমিতি জানিয়েছে।
ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে প্রায় ৩০০ শিক্ষক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক আবু ইউসুফ বলেন, "সকল ছাত্রের কলঙ্ক তার ছাত্রত্ব বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির কর্মসূচি অব্যাহত থাকবে।"
অধ্যাপক আবু ইউসুফ সমাবেশ থেকে মঙ্গলবারের কর্মসুচি ঘোষণা করেন। ছাত্রদল, ছাত্রলীগ,ছাত্র ইউনিয়ন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৪৮ঘ.
bdnews24