২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস বন্ধে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি বদলাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে 'প্রয়োজনে' জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে 'প্রয়োজনে' জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "আমরা এমন ব্যবস্থা চালু করতে যাচ্ছি যাতে করে প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রশ্নই উঠতে পারবে না।" এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে বলে তিনি জানান। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মতবিনিময় সভার আয়োজন করে। উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতকোত্তর কলেজগুলোতে মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ক ১০০ নম্বরের কোর্স (আবশ্যিক) চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এজন্য একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, এ বছর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার উন্নয়নেরও কাজ চলছে। যেসব কলেজে ইন্টারনেট সুবিধা আছে তারা যেন অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে সুবিধা পেতে পারে সে ব্যবস্থাও করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক রাশিদুল হাসান বলেন, "তদন্ত কমিটির মাধ্যমে যে রিপোর্ট পাওয়া যাবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যেই হোক না কেন তার শাস্তি হবে।" এই মতবিনিময় সভা আয়োজনের ক্ষেত্রে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর মতো একটি বিতর্কিত প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কেন নেওয়া হলো তা নিয়ে সাংবাদিকদের জেরার মুখে পড়েন উপাচার্য। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খোদ শিক্ষা মন্ত্রণালয় থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে জানানোর পর উপাচার্য বলেন, তিনি এসব অভিযোগের খবর জানতেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শের মোহাম্মদসহ বেশ কয়েকজন কর্মকর্তা এ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএ/১৭৩৫ঘ.