জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন-২০০৮ শনিবার থেকে শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি উপদেষ্টা সি এস করিম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজিত এই সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুক্রবার শুরু হয়েছে তিনদিনব্যাপী বৃক্ষ, ভেষজ ও পুষ্প প্রদর্শনী। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান।
প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশের ৯টি প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি নার্সারী। উদ্বোধনের পরপরই ভিড় জমে যায় স্টলগুলোতে। বায়োটেক কলা এবং টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত অর্কিড দেখতে দর্শকরা ভিড় জমান স্কয়ারের স্টলে। আপন এন্টারপ্রাইজের মাশরুম স্যুপ ছিল অন্যতম আকর্ষণ। নানা জাতের ভেষজ উদ্ভিদের বীজ নিয়ে স্টল সাজায় টেকনো ডায়া। ভেষজ ঔষধ দিয়ে স্টল সাজায় জেসন ন্যাচারাল প্রডাক্টস।
নার্সারির স্টলে দেখা যায় নানা জাতের বাহারি ফুল। পিটুনিয়া, ভারভেনা, ফ্লক্স, স্ট্রবেরিসহ নানা জাতের ফুলের পাশাপাশি স্টলগুলোতে দেখা যায় মণিপুরী কমলা গাছ, মরিচ, লিচু গাছ। একটি নার্সারি নিয়ে এসেছে ডিজেল গাছ।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24