২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির ঠেকাতে জবিতে ছাত্রলীগ-ছাত্রদল একাট্টা

ছাত্রশিবিরকে ঠেকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাট্টা হয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। দেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী অবস্থানের দুই দলের অঙ্গ সংগঠন দুটি শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযানে নামে। এ সময় দুই শিবিরকর্মীকে মারধরও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

নূরের সাফা ইস্কান্দার অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রশিবিরকে ঠেকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাট্টা হয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। দেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী অবস্থানের দুই দলের অঙ্গ সংগঠন দুটি শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযানে নামে। এ সময় দুই শিবিরকর্মীকে মারধরও করা হয়। গত কয়েকদিন ধরে ছাত্রশিবির কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় প্রচারপত্র বিলি করছিল। এ নিয়ে শুক্রবার ছাত্রশিবির নেতা-কর্মীদের ধাওয়া করে ছাত্রলীগ। সেদিনও শিবিরের দুই কর্মীকে মারধর করা হয়। শনিবার ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলও যোগ দিয়েছে। শনিবার সকালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকনের নেতৃত্বে উভয় সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সকাল ১১ টার দিকে দুই সংগঠনের কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ক্যাম্পাসের প্রতিটি বিভাগে শিবির কর্মীদের খুঁজতে বের হয়। ওই সময় বাংলা বিভাগে শিবির কর্মী ও বাংলা তৃতীয় বর্ষের ছাত্র সাখাওয়াত এবং ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বর এলাকায় ছাত্রশিবিরের বাহিরাগত কর্মী রহমত উল্লাকে ধরে মারধর করে ছাত্রদল ও লীগকর্মীরা। তখন পুলিশ এসে ওই দুজনকে উদ্ধার করে। পরে দুই সংগঠনের নেতারাই কর্মীদের নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দেয়। ছাত্রলীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ সাংবাদিকদের বলেন, "শিবির দেশের প্রতিটি ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে। তাদের প্রতিরোধে আমরা সোচ্চার ছিলাম, এখনও আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের সহ্য করা হবে না।" ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন বলেন, "আমাদের ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী কোনও শক্তিকে মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধীদের ঠেকাতে আমরা একযোগে কাজ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.