জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রচারপত্র বিলি করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার সকালে দুই শিবিরকর্মীকে মারধর করেছে ছাত্রলীগকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সকাল ১১টার দিকে কলাভবনের সামনে এক দল শিবিরকর্মী দলীয় প্রচারপত্র বিলি করছিল। ওই সময় ছাত্রলীগকর্মীরা ধাওয়া দিলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।
তবে আরিফ ও সুমন নামে দুই শিবিরকর্মীকে ছাত্রলীগকর্মীরা ধরে মারধর করে ছেড়ে দেয়। এরা দুজন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক গোলাম ফারুক বলেন, স্বাধীনতাবিরোধী কাউকে এ ক্যাম্পাসে মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।
এ বিষয়ে ছাত্রশিবিরের কোনও প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24