জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি বাস্তবায়নে উপাচার্যের আশ্বাসের পর কর্মসূচি স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ১০ দফা দাবিতে গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিল। বুধবার সকালে ক্লাস বর্জন করে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে তারা কর্মসূচি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করে।
প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন দুপুরে সাংবাদিকদের জানান, উপাচার্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এদিকে, আন্দোলন কমিটির আহ্বায়ক শ্রাবণ সরকার জানিয়েছেন, বেলা ১২টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়। এ সময় তারা এপ্রিল নাগাদ দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
"এর মধ্যে আমাদের একটি দাবিও অপূর্ণ থাকলে আমরা এপ্রিল থেকে কঠোর আন্দোলনে যাবো", বলেন তিনি।
উপচার্য ড. এস আই খান বলেন, "ছাত্রদের দাবিগুলোর ব্যাপারে আমরাও একমত। আশাকরি কয়েক মাসের মধ্যে দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে পারব।"
এর আগে বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। ওই সময় উপাচার্য ড. এস আই খান, প্রক্টর ড. কাজী আসাদ, কোষাধ্যক্ষ ড. আবুল হোসেনসহ কয়েকজন শিক্ষক উপাচার্যের কার্যালয়ে আটকা পড়েন। ওই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের বেদখল ছাত্রাবাসগুলো পুনরুদ্ধার, পরিবহণ ও শিক্ষক সঙ্কট নিরসন, চিকিৎসা কেন্দ্র ও জিমনেসিয়াম চালুসহ ১০টি দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে উপাচার্যের কাছেও স্মারকলিপি দেয় তারা। মঙ্গলবার শিক্ষার্থীদের সমাবেশ থেকে বুধবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূূচি দেওয়া হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ক্যাম্পাস থেকে এবং বিশ্ববিদ্যালয় গেট থেকে বাসস্ট্যান্ড অপসারণ, কেন্দ্রীয় গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া ছাত্র-শিক্ষক কেন্দ্র চালু করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৪৬ ঙ.
bdnews24