২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের নতুন নীতিমালা

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের জন্য একটি নতুন নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। নতুন নীতিমালায় এখন থেকে ঊনিশ ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের জন্য একটি নতুন নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। নতুন নীতিমালায় এখন থেকে ঊনিশ ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই দেয়া হবে। আগের মতো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরাই কেবল সম্পূর্ণ নতুন বই পাবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ছয়টি পাঠ্য বইয়ের মধ্যে তিনটি নতুন ও তিনটি 'ব্যবহারযোগ্য পুরনো' বই পাবে। এই তিন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেয়া বই ফেরত দিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এই নীতিমালা অনুযায়ী প্রাথমিক স্তরে মূলধারার সব শিক্ষার্থীই বিনামূল্যে বই পাবে।" তিনি জানান, আগের নীতিমালার কিছু সিদ্ধান্ত ঠিক রেখে এই নতুন নীতিমালা করা হয়েছে। এখন থেকে ঊনিশ ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই দেয়া হবে। সরকারি, রেজিস্টার্ড, কমিউনিটি ও পিটিআইসংলগ্ন বিদ্যালয় ছাড়াও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়, চা বাগানের ব্যবস্থাপনায় পরিচালিত বিদ্যালয়, এনজিও পরিচালিত বিদ্যালয়, পার্বত্য চট্টগ্রাম এলাকার মৌজা প্রধান (হেডম্যান) পরিচালিত বিদ্যালয়, স্থানীয় সরকার পরিচালিত বিদ্যালয় এবং এসওএস শিশু পল্লীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই পাবে। এছাড়া সমাজকল্যাণ অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধী স্কুল, রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় 'আনন্দ' স্কুল ছাত্রছাত্রী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন পরিচালিত কিংবা অনৃুমোদিত বিদ্যালয়ের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাবে। উপজেলা শিক্ষা অফিসার কিংবা সহকারি উপজেলা শিক্ষা অফিসার সরেজমিনে পরিদর্শন করে অধ্যয়নরত শিক্ষার্থীদের যে তালিকা দেবেন তার ভিত্তিতে বই সরবরাহ করা হবে। তবে কিন্ডারগার্টেন স্কুল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদিত নয় এমন প্রাথমিক বিদ্যালয়ে বই সরবরাহ করা হবে না। তবে তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে বই কিনে নিতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২০৫৪ ঘ.