রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে শনিবার গভীর রাতে বহিরাগত যুবক প্রবেশের ঘটনার প্রতিবাদে ও ছাত্রী হলে নিরাপত্তা বাড়ানোর দাবিতে রোববার দফায় দফায় বিক্ষোভ করেছেন ছাত্রীরা।
রোকেয়া হলের আবাসিক ছাত্রীরা জানান, শনিবার রাত সোয়া পাঁচটার দিকে গণরুম হিসেবে পরিচিত কক্ষের আকলিমা খাতুন ওযু করতে বের হন। ওযু শেষে ফিরে তিন ওই কক্ষে এক যুবককে দেখতে পান। যুবককে দেখে আতঙ্কে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে অন্য ছাত্রীরা জেগে উঠলে ওই যুবক কক্ষের ইংরেজি প্রথম বর্ষের ছাত্রী বহ্নি শিখা আশার মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।
এর আগে রাত সাড়ে তিনটার দিকে একই হলের ৩০২ নম্বর কক্ষ থেকে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাবিনা ইয়াসমিনের একটি সেট চুরি হয়। এর প্রতিবাদে সকাল থেকে হল অভ্যন্তরে ছাত্রীরা দফায় দফায় বিক্ষোভ করেন।
রোকেয়া হলের ছাত্রী আকলিমা খাতুন, বহ্নি শিখা আশা ও সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, হল প্রভোস্টকে ভোর রাতে খবর দেওয়া হলেও তিনি হলে আসেননি।
তারা আরও জানান, ছাত্রী হলে বহিরাগত যুবকের অনুপ্রবেশসহ চুরির ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা অবিলম্বে আবাসিক হল ও ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ ব্যাপারে রোকেয়া হলের প্রাধ্যক্ষ সৈয়দা আফরিনা খাতুন জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা হল পরিদর্শন করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24