২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক নাসির জাবির নতুন প্রক্টর

অধ্যাপক নাসির উদ্দিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষক নাসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অন্যতম নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক নাসির উদ্দিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষক নাসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অন্যতম নেতা। অধ্যাপক নাসির বুধবারই প্রক্টর পদে যোগ দিয়েছেন। বিএনপিপন্থী শিক্ষক মাফরুহী সাত্তার টিটু প্রক্টরের দায়িত্ব থেকে মঙ্গলবার পদত্যাগ করেন। তার সঙ্গে সহকারী দুই প্রক্টরও পদত্যাগ করেন। সহকারী প্রক্টর হিসেবে নতুন করে চার জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক আবু বকর সিদ্দিক জানান। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টরদের মধ্যে তিন জনই আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী নানা ঘটনায় বিতর্কিত। অপর সহকারী প্রক্টররা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কেএম মহিউদ্দিন এবং কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী। এছাড়া আওয়ামীপন্থী শিক্ষক প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বদিয়ার রহমানকে মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ হলের প্রাধ্যক্ষ ছিলেন মাফরুহী সাত্তার। তিনি প্রক্টর পদের পাশাপাশি হল প্রাধ্যক্ষের দায়িত্ব থেকেও পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.