২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

তাদের চোখে-মুখে ছিল মিলনের আনন্দ আর হারানোকে ক্ষণিকের তরে হলেও ফিরে পাওয়ার উচ্ছ্বাস। স্মৃতি হাতড়ে পুরনো সেই দিনের কথার ঝাঁপি খুলে বসেছিলেন তারা, কিছুতেই যে দিন আর ফিরে আসার নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাদের চোখে-মুখে ছিল মিলনের আনন্দ আর হারানোকে ক্ষণিকের তরে হলেও ফিরে পাওয়ার উচ্ছ্বাস। স্মৃতি হাতড়ে পুরনো সেই দিনের কথার ঝাঁপি খুলে বসেছিলেন তারা, কিছুতেই যে দিন আর ফিরে আসার নয়। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বসেছিল তাদের মিলন মেলা। নবীন-প্রবীণের ভিড়ে সবাই যেখানে খুঁজে ফেরেন কিছু প্রিয় মুখ। পদ-পদবি ভুলে প্রাণের টানে সাবেক শিক্ষার্থীরা জমায়েত হন টিএসসিতে। মেতে ওঠেন আড্ডায়। অনুষ্ঠানে এসে অনেকেই জানালেন তাদের ভালো লাগার কথা। গণ্ডা গণ্ডা স্যাটেলাইট টিভি চ্যানেলের দৌলতে যার মুখ ইতিমধ্যেই দেশের প্রায় সবচেয়ে চেনা মুখগুলোর একটিতে পরিণত সেই জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদকে বহুদিন পরে চর্মচক্ষে দেখলেন তার অনেক বন্ধু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরনো বন্ধুদের কাছে পেয়ে খুবই ভালো লাগছে। পুরনো দিনের স্মৃতি মনে পড়ছে।" বন ও পরিবেশ সচিব এ এইচএম রেজাউল কবির বললেন, "এই টিএসসি ছিল আমাদের ছাত্র জীবনের অংশ। এখানে এসে পুরনো বন্ধুদের পেয়ে খুবই আনন্দ লাগছে। একই সঙ্গে নতুনদের সঙ্গেও দেখা-সাক্ষাৎ হলো।" আপ্যায়নে চটপটি আর বিভিন্ন ধরনের পিঠার আয়োজন সাবেক শিক্ষার্থীদের স্মৃতিকে যেন আরও তাজা করে তুলেছিল। ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডিএএস) আয়োজিত এ মিলন মেলায় অতিথি হয়ে এসেছিলেন বিভাগের সাবেক ছাত্রী প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীও। তিনিও শোনালেন সেই পুরনো দিনের স্মৃতিকথা। স্বাধীনতা পরবর্তী দ্বিতীয় ব্যাচের ছাত্রী রাশেদা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অহঙ্কার। তবে এখানে সুন্দর স্মৃতির সঙ্গে আমাদের কিছু দুঃসহ স্মৃতিও তাড়িত করে।" মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শিক্ষা-সংস্কৃতি বিষয়ে রাশেদা বলেন, "বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শিক্ষা এখন পণ্য হয়ে গেছে। যে অভিভাবকের টাকা বেশি তার সন্তান ভালো পড়াশোনার সুযোগ পাচ্ছে। আকাশ সংস্কৃতির প্রভাবে রবীন্দ্রনাথ, হাছন রাজাসহ আমাদের নিজস্ব সংস্কৃতি হারাতে বসেছে। উপদেষ্টা বলেন, "বাইরের সংস্কৃতি আমাদের জানতে হবে, তবে নিজস্ব সংস্কৃতি হারিয়ে নয়।" ইডিএএস'র সভাপতি ড. এম আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, ইংরেজি বিভাগের শিক্ষক ড. খোন্দকার আশরাফ হোসেন, ইডিএএস এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। পরে ইডিএএস'এর (িি.িবফধংফঁ.পড়স) ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এছাড়া বিভাগের কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় অনুষ্ঠানে। এছাড়া পরবর্তী মেয়াদের জন্য সভাপতি ড. এম আহসানুল হক এবং গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে আগের কমিটির তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিন জনকে অন্তর্ভূক্ত করা হয়। কমিটির বাকিরা হলেন, সহ সভাপতি এম হারুন আল রশীদ, এম নুরুল হুদা, মোস্তফা মহিউদ্দিন, কোষাধ্যক্ষ খোন্দকার আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক একেএম বারী, জুনাইদুল হক এবং ১৭ সদস্য ড. নিয়াজ জামান, রেজাউদ্দিন মো. চৌধুরী, মাসুদ আহমেদ, একেএম আব্দুল করিম, এএসএম আলী কবীর, মসরুর চৌধুরী, মোহাম্মদ আবদুল মজিদ, ড. রুবিনা খান, তৌফিকুল ইসলাম, তৌফিক ইমরোজ খালিদী, আব্দুর রাজ্জাক, জেরিন আলম, জেসমিনা শান্তা, গোলাম গাউস আল কাদরী, আহমেদ বশির, কাজল কৃষ্ণ চক্রবর্তী ও সৈয়দ জাওহার সাদত। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাঙে এদিনের মিলনমেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২২৪০ঘ.