ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৪ হাজার ১৯৯টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বেশ কয়েকবছর আগেই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হলেও কমপক্ষে ১০ লাখ শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের জরিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সাংবাদিকদের জরিপের বিভিন্ন তথ্য জানান।
উপদেষ্টা জানান, চলতি অর্থবছরের বাজেটে দুই হাজার গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে এক অর্থবছরেই এই দুই হাজার গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব নয় বলে পর্যায়ক্রমে তা করা হবে। পাশাপাশি এনজিওগুলোকে এসব গ্রামে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অনুরোধ করা হবে বলেও জানান তিনি।
রাশেদা কে চৌধুরী বলেন, "যেসব গ্রামে কমপক্ষে দুই হাজার বাসিন্দা আছে সেখানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কথা। বিদ্যালয় নেই এমন ১৪ হাজার ১৯৯টি গ্রামের মধ্যে দুই হাজারেরও বেশি গ্রামের জনসংখ্যা দুই হাজারের বেশি। আমরা এই গ্রামগুলোয় অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছি।"
উপদেষ্টা জানান, বাকি গ্রামগুলোতে জনসংখ্যা কম হওয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পিছিয়ে পড়া গ্রামগুলো চরাঞ্চল, চা-বাগান, পাহাড়ি এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত।
শিক্ষকদের মান সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "প্রাথমিক বিদ্যালয়ে গণিত ও ইংরেজি শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে টোফেল এর আদলে পরীক্ষা নেওয়া হবে। এতে যারা কৃতকার্য হবে তাদের বাড়তি বেতন দেওয়া হবে।"
মন্ত্রণালয়ের মাঠ-জরিপের তথ্যানুসারে, সারাদেশে ৫৩ হাজার ৮০১টি গ্রামে ৮০ হাজার ৪০০টি বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭ হাজার ৭৩৫টি। বাকিগুলো সরকারি অনুদানভুক্ত বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/টিএইচ/এসকে/২২১৬ ঘ.
bdnews24