রাজশাহী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের শহীদ শাহ্ মাইনুল আহসান পিংকু হোস্টেলে সিট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১২ জন।
এরপর বুধবার কলেজের শিক্ষা পর্যদের এক সভায় কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়। বিকালের মধ্যেই ছাত্রবাস খালি করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, "সার্বিক অবস্থা বিবেচনা করে বুধবারের একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে অধ্যাপক ডা. তাওহীদ আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।"
শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে হোস্টেলের ছাত্রলীগ কর্মীদের দখলে থাকা ২২১ নম্বর কক্ষে এক শিবির কর্মীকে উঠানোর চেষ্টা হয়। ওই সময় ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে শিবির সভাপতি সভাপতি আবু তালহা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন শিবির কর্মী ২২১, ১০৮, ১১৫, ২০৫, ২২২ ও ০০৮ নম্বর কক্ষ দখল করে ওইসব কক্ষ থেকে ছাত্রলীগ কর্মীদের বের করে দেয়। ছাত্রলীগ কর্মীরা বিষয়টি হোস্টেল সুপারকে জানালে হোস্টেল সুপার ডা. মনোয়ারুল ইসলাম ও সহকারী হোস্টেল সুপার সিরাজুল ইসলাম এবং পুলিশ ঘটনাস্থলে যায়।
ইতোমধ্যে শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মীদের দখলে থাকা ২০৪, ২২১ ও ১১৭ নম্বর কক্ষে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ছাত্রলীগ কর্মী তানিকুর রহমান টিটু, সজিব উদ্দিন স্বাধীন, আল-মামুন জুয়েল, সাকিব আল হাসান, সুমন, পার্থ, রাসেল, অনুপ সরকার, আলিফ ও ফয়সাল আহত হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ছাত্রলীগ এ ঘটনায় শিবিরের ৭৮ জনের বিরুদ্ধে মামলা করেছে বলে তিনি জানান।
কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি দেওয়ান মেহেদী হাসান তমাল জানান, হোস্টেল সুপার ও পুলিশের সামনেই শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে শিবির কলেজ শাখার সভাপতি আবু তালহা বলেন, "ছাত্রলীগের কর্মীরা শিবির কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় সামান্য হাতাহাতি হয়েছে। ছাত্রলীগ কর্মীরা প্রথমে তাদের কর্মীদের হামলা করে। এতে শিবির কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ও আরিফুর রহমান আহত হয়।"
হোস্টেল সুপার ডা. মনোয়ারুল ইসলাম বলেন, হোস্টেলে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান। তবে ছাত্রলীগ কর্মীদের অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮১০ ঘ.
bdnews24