ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সাবেক অধ্যক্ষ এবং প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক এম শরীফুল ইসলাম মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা মহাসম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলামের দীর্ঘদিনের সহকর্মী বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপরের দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হৃদরোগ, কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২১ নভেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন এ শিক্ষক।
অধ্যক্ষ শরীফুল ইসলামের বয়স হয়েছিল প্রায় ৭০। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ মাগরিব মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডস্থ ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহ বারডেমের হিমাগারে রাখা হবে। বুধবার সকাল এগারোটায় মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাযা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শরীফুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ও বিভিন্ন শিক্ষক সংগঠন শোক প্রকাশ করেছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯১৮ঘ.
bdnews24