২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএস'এর প্রিলিমিনারির ফল জানুয়ারিতে হতে পারে

আগামী জানুয়ারি মাসে ২৮ তম বিসিএস'র প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এক লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি মাসে ২৮ তম বিসিএস'র প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এক লাখ পরীক্ষার্থী অংশ নেয়। তিনি বলেন, "ডিসেম্বর মাসে ঈদ, বিজয় দিবস, বড়দিন এবং নির্বাচন থাকায় কার্যদিবস কম পাওয়া যাবে। তাই নির্বাচনের পর জানুয়ারি মাসে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।" আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে ২৮ তম বিসিএস'র কার্যক্রম শেষ হবে জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, "এটি বোর্ডের পরীক্ষা না যে কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশের কাজ শেষ করতে পারব। একজন প্রার্থীকে সর্বোচ্চ চাকরির জন্য সুপারিশ করা হয় এ পরীক্ষায়। তাই সময় লাগে।" জানুয়ারি মাসে ২৯ তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, "আগের কয়েকটি বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় এবার আমরা আগে থেকেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলাম। এবার বহু সেট তৈরি করি আমরা। এরপর পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে কমিশনের বিশেষ সভায় লটারির মাধ্যমে কোন সেটে পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারণ করা হয়। সেট নির্ধারণের পর ২৫ টি দলে বিভক্ত হয়ে এ সেটের কথা যথাযথ কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়ে দেওয়া হয়। আর যখন এ কাজ করা হচ্ছিল তখন পরীক্ষার্থীরা হলে ছিল। সুতরাং প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগই এবার ছিলনা।" তিনি আরো বলেন, "আমরা পিএসসির গতানুগতিক চিন্তা ও কার্যপদ্ধতি ভাঙতে চাই। যারা ভালোভাবে প্রস্তুতি নেবে তারাই ভালো করবে।" তিনি বলেন, "প্রিলিমিনারিতে কোন পাশ নম্বর নেই বরং লিখিত পরীক্ষার পাশ নম্বর হল ৫০। মেধার দিক দিয়ে প্রিলিমিনারিতে যারা এগিয়ে থাকবে তাদের মধ্য থেকে কয়েক হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হবে। সেটা তারা যে নম্বরই পাক না কেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/জিএনএ/১৬০৪ ঘ.