ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে রোববারের সব ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া, শীতকালীন ছুটি তিনদিন এগিয়ে ১ ডিসেম্বর নিয়ে আসায় কার্যত রোববার থেকেই একমাসের ছুটি শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য স্থাপনের অংশ হিসেবে শনিবার সকালে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হলে সকাল ১১টার দিকে দু'পক্ষের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাসের বাইরে বের করে দিলে বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বেলা ২টা পর্যন্ত দু'পক্ষের কর্মীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে দফায় দফায় প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
সংঘর্ষের কারণে দুপুরের দিকে রায়সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের লাঠিপেটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিকেলে উপাচার্য ড. আবু হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠকে রোববারের সব ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববারের সব ক্লাস স্থগিত এবং শীতের ছুটি এগিয়ে ১ ডিসেম্বর থেকে করা হয়েছে। এ কারণে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।"
এর আগে আগামী ৪ ডিসেম্বর থেকে শীতের ছুটি শুরু হওয়ার কথা ছিল।
সংঘর্ষের ব্যাপারে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ বি এম পারভেজ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ কর্মীরা প্রথমে হামলা চালালে তার সংগঠনের কর্মীরা প্রতিরোধ করে।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান রিপন বলেন, "নির্বাচনকে ঘিরে ছাত্রদল অস্থিতিশীলতা তৈরির জন্য আমাদের কর্মীদের ওপর হামলা করেছে।"
দুটি সংগঠনই রোববার ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কলেন, "কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আগামীকাল (রোববার) পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে।"
সংঘর্ষে দু'পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসএনডি/২০২৩ ঘ.
bdnews24