২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ তম বিসিএসের বাদপড়াদের অনশন ভাঙালেন শিক্ষা উপদেষ্টা

যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার ২৭তম বিসিএসের দ্বিতীয় দফায় অনুত্তীর্ণ প্রার্থীদের 'আমরণ অনশন' ভাঙিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার ২৭তম বিসিএসের দ্বিতীয় দফায় অনুত্তীর্ণ প্রার্থীদের 'আমরণ অনশন' ভাঙিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রার্থীদের অনশন ভাঙানোর পর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সমাধানের বেশ কয়েকটি পথ খুঁজে পাওয়া গেছে। সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ নিয়েই সমস্যার সমাধান করা হবে। কোনটি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ সেটি যাচাই-বাছাই চলছে।" মানবিক দিক বিবেচনা করে সরকার 'যৌক্তিক সমাধানের ফর্মুলা' খুঁজছে জানিয়ে তিনি বলেন, "সার্বিক দিকের সঙ্গে মিল রেখেই সমাধানের দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া হবে।" এ সময় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশীদ, কলা অনুষদের ডিন ড. সদরুল আমিন ও সিন্ডিকেট সদস্য আহমেদ কামাল উপস্থিত ছিলেন। অনিয়মের অভিযোগে ২৭তম বিসিএসের বাতিল হওয়া ফল বহাল রাখার দাবিতে গত ১ নভেম্বর থেকে অনশন করছিলেন অনুত্তীর্ণরা। ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় বাংলাদেশ কর্ম র্কমশন (পিএসসি)। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করে। চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট তা খারিজ করে দেয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু দ্বিতীয়বারে উত্তীর্ণ হননি- এমন পরীক্ষার্থীরা প্রথমবারের ফল বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেএফ/জিএমএ/এসএনডি/এসকে/২৩১৪ঘ.