২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফি কমানোর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ফি কমানোর দাবিতে সোমবার বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ক্লাস বর্জনের কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

জবি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফি কমানোর দাবিতে সোমবার বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ক্লাস বর্জনের কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছে তারা। শিক্ষার্থীরা ২০০৪-০৫ শিক্ষাবর্ষের তৃতীয় পর্বের ভর্তি ফি ৩ হাজার ৬৯৫ টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। দুপুর ১২টায় তৃতীয় বর্ষের প্রায় ২০০ শিক্ষার্থী কলা ভবন থেকে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন অনুষদ ঘুরে ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সমাবেশে অর্থনীতির তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল আহমেদ বলেন, "তৃতীয় পর্বে ভর্তির জন্য উন্নয়ন ফি, পরিবহণ ফি, সেশন চার্জসহ ৩ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।" তিনি বলেন, "আমরা ফি কমিয়ে ২০০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। তা না হলে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।" তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি কমানোর দাবি নাকচ করেছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপাচার্য ড. আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে চার্জ ধরা হয়েছে, তা খুব যৌক্তিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.