২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনী প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করা হবে: পিএসসি

সাতাশতম বিসিএস নিয়ে দায়ের করা মামলা আইনী প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাতাশতম বিসিএস নিয়ে দায়ের করা মামলা আইনী প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। অনিয়মের অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সাতাশতম বিসিএস নিয়ে সরকার ও পিএসসিকে বিবাদি করে একটি রিট মামলা হয়েছে। বিবাদি হিসেবে আমরা আইনী প্রক্রিয়াতেই এ মামলা মোকাবেলা করব।" 'মামলা থাকায়' এর বাইরে নতুন করে তিনি কিছু বলতে রাজি হননি। রোববার ২৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া আবুল কালাম মো. তারিত হোসেন খানসহ ৩৩ জন মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে একটি রিট করা হলে আদালত মুক্তিযোদ্ধা কোটা পূরণ না করে ওই পরীক্ষার ফল প্রকাশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকার ও পিএসসিকে তার কারণ দেখাতে বলে। গত ২৩ সেপ্টেম্বর সাতাশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর আগেরবারে উত্তীর্ণ কিন্তু এবার বাদ পড়েছে এমন প্রার্থীরা আগের ফল বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। অন্যদিকে উত্তীর্ণ প্রার্থীরাও দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে সরকারী কর্মকমিশনের অবস্থান জানার চেষ্টা করলে পিএসসি চেয়ারম্যান বিষয়টি নিয়ে মামলা থাকায় নতুন করে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে দেখা গেছে, এবার মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আগের বারের চেয়ে ১০১ জন বেশি প্রার্থীকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। এর আগের পরীক্ষায় অনিয়ম ও দলীয়করণের অভিযোগে বাতিল হওয়া ফলাফলে ২৩০ জন মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল। এবার করা হয়েছে ৩৩১ জন। উপজাতি কোটাতেও আগের বারের দ্বিগুণেরও বেশি প্রার্থীকে চাকরির সুপারিশ করা হয়। বাদ হওয়া ফলাফলে ১০ জনকে উপজাতি কোটায় সুপারিশ করা হয়েছিল। এবার এ কোটায় সুপারিশের সংখ্যা ২৩ । তাছাড়া এবার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আগেরবারে উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যাই বেশি। এবারের সুপারিশকৃত ২৪৫৩ জন আগেরবারও মনোনীত হয়েছিলেন। এরাই সেবার সুপারিশকৃতদের প্রায় ৭০ শতাংশ। আর প্রথম বার বাদ পড়া প্রায় আটশ' প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে নতুন ভাবে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। তবে প্রথম বার উত্তীর্ণদের মধ্যে এবার উত্তীর্ণ না হওয়া প্রার্থীর সংখ্যা এগার শতাধিক। পিএসসির এক কর্মকর্তা বলেন, "যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, সুতরাং কিছু বাদ পড়বেই।" বঞ্চিতদের পক্ষ থেকে সরকারি নির্দেশ উপেক্ষা করে কোটা বিন্যাস করার যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেন তিনি। কর্মকর্তাটি বলেন," বিরাজমান কোটা পদ্ধতির সহজীকরণের জন্য পিএসসি সংস্থাপন মন্ত্রণালয়কে অনুরোধ করে। এরপর সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ীই একটি নীতিমালা জারি করে কঠোরভাবে কোটা পদ্ধতি অনুসরণ করা হয়।" চলতি বছরের ১৪ আগস্ট কমিশনের সভায় এ নীতিমালা জারির সিদ্ধান্তের পর এটি বিসিএস ছাড়াও অন্যান্য চাকরির ক্ষেত্রেও যেন মানা হয় সেজন্য ২০ অক্টোবর এক আদেশ জারি করা হয়। আইন মেনেই এটি করা হয়েছে বলে পিএসসির কর্মকর্তাদের অভিমত। পেছনের কথা ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করে। কিন্তু চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট রিট খারিজ করে দেয়। এতে করে ফল প্রকাশের পথে সব বাধা দুর হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন কেবল বাকি নিয়োগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১২৫ঘ.