চট্টগ্রাম, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পৌরহিত্য 'অগ্রহণযোগ্য' বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের হলুদ দলের শিক্ষকরা।
আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত শিক্ষকদের হলুদ দলের স্ট্যাডিং কমিটির সদস্য ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হোসাইন কবীর রোববার এক বিবৃতিতে এ কথা জানান।
নগরীর বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হলুদ দলের এক জরুরি সাধারণ সভা শেষে এ বিবৃতি দেওয়া হয়। এতে আড়াইশ শিক্ষক স্বাক্ষর করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন হলুদ দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সমাজতত্ব বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী।
লিখিত বিবৃতিতে শিক্ষকরা বলেন, 'রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের পৌরহিত্যে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কারণ নিকট অতীতে রাষ্ট্রপতির অসাংবিধানিক ও অনৈতিক ভূমিকা সমগ্র জাতি গভীর উদ্বেগ ও ক্ষেভের সঙ্গে প্রত্যক্ষ করেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির পৌরহিত্য অগ্রহণযোগ্য।'
আগামী ৫ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠীত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/টিএইচ/জেকে/২৩০২ ঘ.
bdnews24