বরিশাল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রদল ও ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে খোলা রাখা হয়েছে কলেজের ছাত্রাবাস।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহম্মদ।
তিনি বলেন, "সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ৪ নভেম্বর পর্যন্ত কলেজের সকল ক্লাশ বন্ধ থাকবে।"
গত ৩০ অক্টোবর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম শাহীন'র ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল এবং ছাত্রশিবির যৌথভাবে ক্যাম্পাসে মিছিল বের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি এ সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।
ছাত্রদল ও শিবির পুলিশের বাধা অপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে পুলিশের সংগঠন দুটির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।
এ ঘটনার পর সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগ কলেজ শাখার ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ক্যাম্পাসে এলে ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় চারশ' পুলিশ এবং আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবারের ঘটনায় দুপুর ১টার দিকে বরিশাল জেলা বিএনপি'র কার্যালয়ে জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম সালেহ'র সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, সাবেক সাংসদ বিলকিস আকতার জাহান শিরিন।
বিএনপি নেতারা বিএম কলেজে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে তাদের বিচার দাবি করেছেন।
অপর দিকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট আফজালুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, শনিবারের এই হামলায় তাদের দু'কর্মী আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24