ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি ফরম ছিনতাইকে কেন্দ্র করে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
ভর্তি ফরম ছিনতাইকে কেন্দ্র করে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
এ ধরনের সংঘর্ষ এড়াতে কর্তৃপক্ষ ভবিষ্যতে কঠোর থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী আসাদ।
শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা জানায়, গত বুধবার ভর্তিচ্ছু দুই তরুণের ভর্তি ফরম ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপনের অনুসারী এক দল কর্মী ছিনতাই করে। এর প্রতিবাদ জানায় সাধারণ সম্পাদক ক গাজী আবু সাঈদের অনুসারীরা। ওই ঘটনার মীমাংসা করতে শনিবার সকাল ১১টায় বিজ্ঞান ভবনে দুই পক্ষের বৈঠক ডাকা হয়।
কিন্তু বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই তাদের অনুসারীরা সংর্ঘষে লিপ্ত হয়। লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে তারা।
শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি ওই সময় শান্ত হলেও দুপুর সাড়ে ১২টায় পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় পুলিশ এসে দুই পক্ষকে হটিয়ে দেয়।
ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগকর্মী অর্থনীতি বিভাগের আপন আহমেদ ও প্রাণিবিদ্যা বিভাগের মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
দুই দফা সংঘর্ষে আহতরা হলেন- হুমায়ুন, নাহিদ ইসলাম, রিয়েল, মুক্তার আহমেদ, বিশ্বজিৎ, আবু বকর, বাবু, গাজী আবু সাঈদ, ছিদ্দিক আহমেদ, ওমর ফারুক, আরিফুর রহমান, হিরন্ময় রায়, মুস্তাফিজুর রহমান, দ্বীন ইসলাম, সুমন ও রাকীব এহসান।
এ বিষয়ে সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ঘটনায় ভুল বোঝাবুঝি নিয়ে কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তবে এনিয়ে কোনও কথা বলতে রাজি হননি সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ।
প্রক্টর ড. কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবিষ্যতে ক্যাম্পাসে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24