ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "বহুদিন পরে কলেজের কোনও অনুষ্ঠানে আসতে পেরে খুব খুশি লাগছে। সেই পঞ্চাশের দশকে যখন পড়তাম, তখন মনে হতো- কলেজটা আরও বড় হলে কতই না ভালো হতো। সেই প্রতিষ্ঠান আজ মহীরুহে পরিণত হয়েছে", তৃপ্তিমাখা কণ্ঠে বলছিলেন শিল্পী ফেরদৌসী রহমান যিনি নিজেও এক অতি পরিচিত নাম।
৫০ এর দশকে ইডেন কলেজের শিক্ষার্থী ফেরদৌসী রহমান আজ দেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত মুখ। মঙ্গলবার অনেকের মতো তিনিও এসেছিলেন দেশের এ স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।
"আমাদের সময় কলেজের নিজস্ব ক্যাম্পাস হয়নি। আমরা ক্লাস করতাম বকশীবাজারে বর্তমান বদরুন্নেছা কলেজে। এখন কলেজের নিজস্ব ক্যাম্পাস দেখে এত ভালো লাগছে, যা বোঝাতে পারবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন ফেরদৌসী রহমান।
বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের নিয়ে মঙ্গলবার কলেজ প্রশাসন আয়োজিত মিলন মেলায় আড়াইশ জন অংশ নেন। বেশ কয়েকজন প্রাক্তন কৃতি শিক্ষার্থীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
'এসো হে সহযাত্রী মিলি একসাথে'- স্লোগানে দিনব্যাপী কলেজ মাঠ কবিতা, গান আর নাচে মাতিয়ে রাখে কলেজের বর্তমান শিক্ষার্থীরা। গান গেয়ে শোনান ফেরদৌসী রহমান ও ফেরদৌস আরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "সরকার সবসময় নারী শিক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ ইডেন কলেজকে তার ঐতিহ্য ধরে রাখতে হবে।"
তিনি সরকারের পরিকল্পিত শিক্ষা সম্মেলনে (এডুকেশন সামিট) ইডেন কলেজকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, " শিক্ষা নিয়ে মহাপরিকল্পনা তৈরির লক্ষ্য নিয়ে এ সামিটে কাজ করা হবে। তাই কিভাবে শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটানো যায় সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পাঠাতে পারেন আপনারা।"
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম ও বিভিন্ন গবেষণা নিয়ে সরকার নভেম্বর মাসে শিক্ষা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক খান হাবিবুর রহমান বলেন, "এ কলেজ থেকে পাস করে যাওয়া অনেক ছাত্রী আজ প্রতিষ্ঠিত। তারা তাদের শিক্ষা ও জ্ঞান দিয়ে এ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ
bdnews24