ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের পরীক্ষায় পাশ করে আসার শর্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ইব্রাহীম খলিলসহ মাদ্রাসা বোর্ড থেকে থেকে জিপিএ ৫ পেয়ে পাশ করা পাঁচ শিক্ষার্থীর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এই আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও সংশ্লিষ্ট ৭ বিভাগীয় চেয়ারম্যানকে এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীদের পক্ষে আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, এইচএসসিতে ২০০ নম্বরের বাংলা ও ২০০ নম্বরের ইংরেজি পাশ করে আসা শিক্ষার্থীরাই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে- এমন কোনো বিধান ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে নেই। তাছাড়া ১৯৮৬ সালের ২৩ ফেব্র"য়ারি শিক্ষা মন্ত্রণালয় এক সার্কুলার জারি করে ঘোষণা দেয় যে, আলিম ও এইচএসসি'র সনদ সমমানের বলে গণ্য হবে।
আইনজীবী আরো বলেন, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ ধরনের কোনো শর্তের উল্লেখ ছিল না। পরে ৭ বিভাগীয় চেয়ারম্যান আলাদা আলাদাভাবে শর্ত আরোপ করেন। এতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটেরও অনুমোদন নেওয়া হয়নি। তাই এ শর্তারোপ 'উদ্দেশ্যপ্রণোদিত, বৈষম্যমূলক ও বেআইনি'।
রিটকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া স্থগিতের আদেশ চাইলেও আদালত তেমন কোনো নির্দেশ দেননি।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।
যে ৬টি বিভাগে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ২০০ নম্বরের ইংরেজি পড়া বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো- বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাবিজ্ঞান এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ।
এর মধ্যে ভাষাগত দক্ষতার প্রয়োজনের বিবেচনায় বাংলা ও ইংরেজিতে কয়েক বছর আগেই এবং গত বছর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ শর্ত চালু করা হয়। চলতি বছর থেকে বাকি চার বিভাগে এই নিয়ম চালু করা হয়।
কিন্তু দাখিল (এসএসসি) ও আলিম (এইচএসসি) পরীক্ষায় বাংলায় ১০০ ও ইংরেজিতে ১০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে আসা শিক্ষার্থীরা এ বছর এই শর্তের বিরোধিতা করে আন্দোলনে নামে। গত ১৮ সেপ্টেম্বর কিছু মাদ্রাসা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরও চালায়।
'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীও এই শর্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী 'সাদা' দলের শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, এ নিয়ম প্রত্যাহার করা না হলে ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/১৭০১ঘ.
bdnews24