ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হবে কী না তা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করবেন অনুষদের ডিনরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে ভর্তির ক্ষেত্রে শর্ত বাতিলের দাবিতে মাদ্রাসা ছাত্রদের ব্যানারে আন্দোলন ও বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের চাপের মুখে শনিবার ডিনস কমিটির বৈঠক বসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামাতপন্থী শিক্ষকদের গ্র"প সাদা দল এসব শর্ত বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ম প্রত্যাহার করা না হলে ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। আর আওয়ামী লীগ ও বামদল সমর্থিত শিক্ষকদের নীল দল চাপ দিয়ে নিয়ম পরিবর্তন করার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
শনিবার ডিনস কমিটির বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক এসএম এ ফায়েজ কমিটির সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের দু'জন ডিন সংশ্লিষ্ট বিভাগগুলো এবং 'খ' ও 'ঘ' ইউনিটের পরীক্ষা কমিটির সঙ্গে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে দুপুরে নীল দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, "মাদ্রাসা ছাত্রদের কোনভাবেই বঞ্চিত করা হচ্ছে না। তাদের রাস্তা আটকানোর চেষ্টাও করা হয় নি, কারণ তারা চাইলে নিজেদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করতে পারে, এবং এসব যোগ্যতার শর্ত পূরণ করতে পারে।"
অধ্যাপক হারুন বলেন, 'খ' ও 'ঘ' ইউনিটের ৩৮টি বিভাগের মধ্যে ৩১টি বিভাগেই ভর্তি হওয়ার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি ও বাংলায় সর্বমোট নম্বর থাকার কোন বিধান করা হয়নি। অর্থাৎ এসব বিভাগে মেধার ভিত্তিতে অন্যান্য নিয়ম পূরণ করে মাদ্রাসাসহ যেকোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝি মাদ্রাসা শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আসলে বিষয়টি তা নয়, মাদ্রাসা থেকে আসা ছাত্রদের অযোগ্য বলা যাবে না, তবে তারা কিছু কিছু ক্ষেত্রে একটি ক্ষেত্র থেকে এসেছে। এসব যোগ্যতার শর্ত নির্ধারণের ক্ষেত্রে কিছু বিভাগে ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীরাও পড়তে পারবে না।
অন্যদিকে ডিনস কমিটির বৈঠক থেকে বেরিয়ে সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন সাংবাদিকদের বলেন, 'আমরা শর্ত বাতিলের দাবিতে সম্পূর্ণ একাডেমিক স্ট্যান্ড থেকে অটল অবস্থানে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার পড়ার অধিকার রয়েছে। সে অধিকারই আমরা সংরক্ষণ করতে চাই।"
শর্ত বাতিলের সিদ্ধান্ত হলে বিভাগগুলোর ওপর তা চাপিয়ে দেওয়া হবে কিনা এর উত্তরে অধ্যাপক আমিন বলেন, "এখানে কোন কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নয়। বিভাগগুলোকে আহ্বান জানানো হবে যেন তারা এসব শর্ত তুলে নেয়। মূলত আলাপ-আলোচনার মাধ্যমেই সবকিছু ঠিক করা হবে।"
তাহলে পরীক্ষা বর্জনের হুমকি কেন এবং তা কার প্রতি জানতে চাইলে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, "হয়তো সে পর্যন্ত যেতে হবে না এবং ঘোষণাটি চুড়ান্ত কিছুও নয়।"
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "এতদিন থেকে আমরা যে যোগ্যতা অনুযায়ী ছাত্র ভর্তি করেছি, সেখান থেকে সরে আসা সম্ভব নয়।"
অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিকুজ্জামান বলেন, "আমরা অর্থনীতি পড়াই। যারা আগে থেকেই মৌলিক অর্থনীতি পড়ে আসে আমরা তাদের জন্য উপযোগী আর তারা আমাদের জন্য উপযুক্ত। এখানে মাদ্রাসা অথবা স্কুল কোন বিষয় নয়।"
উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি না পড়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে না এই নিয়মের কারণে মাদ্রাসা ছাত্ররা ওই বিভাগগুলোতে আবেদনের সুযোগ পাচ্ছে না। এই সাতটি বিভাগ হলো- বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাবিজ্ঞান এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।
গত ১৮ অক্টোবর ভর্তি ফরম বিতরণ শুরুর দিন মাদ্রাসা ছাত্রদের দু'টি সংগঠনের ব্যানারে শর্ত পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করে। ওই দিন তারা উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরও চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩৮ঘ.
bdnews24