রাজশাহী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ব্যাচের ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।
তাদের অভিযোগ, নতুন ব্যাচের চিকিৎসক না আসায় মাত্র ৩০ জনকে দেড়শ জনের দায়িত্বপালন করতে হচ্ছে।
কর্তৃপক্ষ বলেছে, ধর্মঘটে যাওয়া চিকিৎসকরা অবিলম্বে কাজে যোগ না দিলে সনদপত্র পাবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষানবিশ চিকিৎসকরা জানান, নতুন ব্যাচের ফল প্রকাশ হলে একশ'র বেশি নতুন চিকিৎসক কাজে যোগ দেবেন। গত ৪ আগস্ট তাদের ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষকদের অবহেলায় তা বের হচ্ছে না।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, ধর্মঘটকারী শিক্ষানবিশ চিকিৎসকরা অবিলম্বে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসকরা কাজে যোগ না দিলে সনদ পাবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২০৯ ঘ.
bdnews24