২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব অনুমোদন

বেসরকারি পর্যায়ে দুটি নতুন মেডিকেল কলেজ ও নয়টি মেডিকেল অ্যাসিসেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) স্থাপনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি পর্যায়ে দুটি নতুন মেডিকেল কলেজ ও নয়টি মেডিকেল অ্যাসিসেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) স্থাপনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া, বেসরকারি পর্যায়ে দুটি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ কয়েকটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজের আসনবৃদ্ধি ও কোর্সও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভায় এসব অনুমোদন দেওয়া হয়েছে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. খন্দকার শেফায়েত উল্লাহ। তিনি বলেন, "নতুন দুটিসহ বর্তমানে দেশে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা হবে ৩৬টি। আর বেসরকারি ডেন্টাল কলেজের সংখ্যা ১০টি পৌঁছাল।" সাতটি সরকারি ম্যাটস এর পাশাপাশি এবারই প্রথম নয়টি বেসরকারি ম্যাটস অনুমোদন পেল বলে জানান ডা. শেফায়েত। অনুমোদন পাওয়া দুটি মেডিকেল কলেজ হল- রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ ও কমিউনিটি মেডিকেল কলেজ। দুটি কলেজেই ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা যাবে। ম্যাটস নয়টি হল- ঢাকার মিরপুরে সাইক ইনস্টিটিউট অব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ৪০), ঢাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ৮০), সদরঘাটে সুমনা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন) ও রামপুরায় রামপুরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ৭০), রাজশাহীতে রাজশাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ৮০) ও উদয়ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ১৬০), রংপুরে প্রাইম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ৮০) ও গ্রিন ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ১৬০) এবং বগুড়ায় টিএমএসএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (আসন ১০০টি)। এছাড়া, দুটি ইউনানি চিকিৎসা প্রতিষ্ঠান- লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানি) এবং ঢাকায় হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ (ইউনানি) কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে। দুটি প্রতিষ্ঠানই চার বছরের ডিপ্লোমা কোর্সের জন্য ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। সভায় চট্টগ্রামে সিএসসিআর ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি নামে বেসরকারি পর্যায়ে নতুন একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবারের সভায় বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতালের প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ঢাকার মিরপুর ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সকে ছয়টি স্নাতকোত্তর কোর্সসহ অনুমোদন দেওয়া হয়েছে। কোর্সগুলো হচ্ছে এমফিল ইন ইপিডেমিওলজি অ্যান্ড বায়ো-স্ট্যাটিস্টিকস, এমফিল ইন নন-কমিউনিকেবল ডিজিজ, এমফিল ইন হেলথ এডুকেশন প্রমোশন এবং এমপিএইচ ইন ইপিডেমিওলজি অ্যান্ড বায়ো-স্ট্যাটিস্টিকস, এমপিএইচ ইন নন-কমিউনিকেবল ডিজিজ (কমিউনিটি মেডিসিন) ও এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন। সভায় চারটি বেসরকারি মেডিকেল কলেজের আসন বাড়ানোরও সিদ্ধান্ত হয়। এর আওতায় ঢাকার গুলশানে সাহাবৃুদ্দিন মেডিকেল কলেজের আসন ৫০ থেকে ৭৫, সাভারে এনাম মেডিকেল কলেজে ৭৫ থেকে একশটি, চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ৬০ থেকে ৮৫টি এবং রংপুরে রংপুর ডেন্টাল কলেজের আসন সংখ্যা ৬০ থেকে একশতে উন্নীত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছয়টি বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ল্যাব অনুষদে বেশ কিছু আসন বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন করেছে। মঙ্গলবারের সভায় বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি কোর্সে ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন ছাড়াও স্টেট ইউনিভার্সিভার্সিটি অব বাংলাদেশে অপটোমেট্রির উপর বিএসসি ও ডিপ্লোমা উভয় কোর্সে ৫০ জন করে ১০০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, রাজধানীর মগবাজারে ফ্যাশন চক্ষু হাসপাতালে অপটোমেট্রির উপর ছয় মাস ও এক বছর মেয়াদি দুটি কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সচিব এ এম এম নাসির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল ফয়েজ, যুগ্ম সচিব আনোয়ার হোসেন মুন্সী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. খন্দকার মো. শেফায়েত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক আনম জিয়াউর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/এমএইচবি/১৯৩৮ ঘ.