২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মো. সাইফুদ্দিন শাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের অ্যধাপক মো. সাইফুদ্দিন শাহকে চার বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

খুলনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের অ্যধাপক মো. সাইফুদ্দিন শাহকে চার বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। গত ১২ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল ঠিক করেছিল এ সংক্রান্ত 'সার্চ কমিটি'। এই তিনজনের মধ্যে থেকে অধ্যাপক মো. সাইফুদ্দিন শাহ্কে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমানের পদত্যাগের পর গত ২৮ ফেব্র"য়ারি থেকে মো. সাইফুদ্দিন উপাচার্য পদে সাময়িক দায়িত্বে পালন করে আসছিলেন। ড. সাইফুদ্দিন শাহ ১৯৯৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য এই অধ্যাপক সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল এদিকে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের জন্য তিনটি প্যানেল ঠিক করেছে এ সংক্রান্ত সরকার গঠিত 'সার্চ কমিটি'। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সার্চ কমিটির সভায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজন করে তিনটি আলাদা প্যানেল ঠিক করা হয়েছে। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশকারীদের মধ্যে থেকেই প্যানেল ঠিক করা হয়েছে বলে তিনি জানান। তিনি জানান,কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ২৭ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ২০ জন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫ জন আবেদনকারীর মধ্য থেকে এ প্যানেল তিনটি বাছাই করা হয়েছে। ১৯৭৩ এর অধ্যাদেশের আওতায় পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় 'সার্চ কমিটি' গঠন করে। এই কমিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের শূন্য পদে নিয়োগের জন্য উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহপত্র আহ্বানের পর সেখান থেকে যোগ্য প্রার্থী বাছাই করে আচার্যের কাছে সুপারিশ পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএ/এসকে/২১৫৪ঘ.