২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ নভেম্বরের মধ্যেই জেলা পর্যায়ে প্রাথমিক স্তরের বই

আগামী বছরের শুরুর দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য প্রাথমিক স্তরের পাঠ্যবই ১৫ নভেম্বরের মধ্যেই জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের শুরুর দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য প্রাথমিক স্তরের পাঠ্যবই ১৫ নভেম্বরের মধ্যেই জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মছির উদ্দিন। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অধ্যাপক মছিরউদ্দিন বলেন," আমরা আগামী বছরের শুরুর দিন (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চাই। এ লক্ষ্যে ১৫ নভেম্বরের মধ্যেই জেলা পর্যায়ে পাঠ্যবই পাঠিয়ে দেব।" সেখান থেকে উপজেলা পর্যায় হয়ে স্কুলগুলোতে বই পৌঁছে যাবে বলে তিনি জানান। এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারও আগের মতোই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শতভাগ নতুন বই এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধেক নতুন ও অর্ধেক পুরনো বই দেওয়া হবে। ২০১০ সাল থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শতভাগ নতুন বই দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি জানান, এবার প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় চার কোটি ৮২ লাখ কপি এবং ইবতেদায়ি স্তরের জন্য প্রায় এক কোটি ৬১ লাখ কপি বই ছাপা হচ্ছে। সিরাজুল হক বলেন , "এখন পুরোদমে বই ছাপার কাজ চলছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যেই আমরা জেলা পর্যায়ে সংশ্লিষ্ট্ দপ্তরে পাঠ্য বই পাঠিয়ে দেব। " তিনি জানান, মাধ্যমিক স্তরের বই জানুয়ারিতে দেওয়া হবে। ইতোমধ্যে এ স্তরের বই ছাপার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৩৪৩ঘ.